নভেম্বরের প্রথম দুটি দিন খ্রিষ্টানদের কাছে আলাদা অর্থ বহন করে। ১ নভেম্বর অল সেন্টস ডে, পরদিন ২ নভেম্বর অল সোলস ডে। পাশাপাশি দুই দিন, দুটিতেই জড়িয়ে আছে প্রয়াত মানুষের স্মরণ আর পরকালের বিশ্বাস।তবু দিন দুটির উদ্দেশ্য এক নয়। প্রথম দিনটি সাধুদের—গির্জার স্বীকৃতি পাওয়া সাধু যেমন, তেমনি ইতিহাসে নাম হারিয়ে যাওয়া পুণ্যবান মানুষেরাও।
দ্বিতীয় দিনটি সাধারণ মানুষের—প্রয়াত মা-বাবা, ভাইবোন, বন্ধু, প্রতিবেশী; যাঁদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করেন জীবিত স্বজনেরা।অল সেন্টস ডে: সাধুদের দিন যিশুখ্রিষ্টের পথ ধরে যাঁরা পবিত্র জীবন যাপন করেছেন, বিশ্বাস, ভালোবাসা, ত্যাগ আর মানবসেবায় দৃষ্টান্ত রেখে গেছেন, অল সেন্টস ডেতে তাঁদের স্মরণ করা হয়। খ্রিষ্টানদের কাছে এটি বছরের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবগুলোর একটি।এখানে ‘সাধু’ শব্দটির পরিসর অবশ্য বড়।
গির্জা আনুষ্ঠানিকভাবে যাঁদের সাধু ঘোষণা করেছে, শুধু তাঁরাই নন; ঈশ্বরে বিশ্বাস রেখে যাঁরা নীরবে মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করে গেছেন, তাঁরাও এই স্মরণের অংশ।
সূত্র: প্রথম আলো