সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের ভিডিও সুপারিশব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংস্থাটির অভিযোগ, টিকটকের অ্যালগরিদম ব্যবহারকারীদের একই ধরনের ভিডিও বারবার দেখায়। এতে তারা একধরনের কনটেন্টের চক্রে আটকে পড়েন, যেখান থেকে সহজে বেরিয়ে আসা কঠিন। ‘র্যাবিট হোল’ নামে পরিচিত এই প্রবণতা ব্যবহারকারীদের মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।
এ সমস্যা সমাধানে টিকটকের অ্যালগরিদম ও কনটেন্ট সুপারিশব্যবস্থায় পরিবর্তন আনার দাবি জানিয়েছে ইউরোপীয় কমিশন।গত শুক্রবার টিকটকের বিরুদ্ধে ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট (ডিএসএ) লঙ্ঘনের প্রাথমিক অভিযোগ প্রকাশ করে ইউরোপীয় কমিশন। কমিশনের অভিযোগ, ব্যবহারকারীদের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, এমন ঝুঁকি কমাতে টিকটক যথাযথ ও কার্যকর পদক্ষেপ নেয়নি।
অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানটির মূল মালিক চীনা প্রযুক্তি কোম্পানি বাইটড্যান্সকে বিশ্বজুড়ে তাদের বার্ষিক আয়ের সর্বোচ্চ ৬ শতাংশ পর্যন্ত জরিমানা দিতে হতে পারে।
সূত্র: প্রথম আলো