দেশ কতটা বদলাচ্ছে, একজন তরুণী হিসেবে সেই প্রশ্নের উত্তর আমি নিজের ভবিষ্যতের সঙ্গে মিলিয়ে খুঁজি। পড়াশোনা শেষে যোগ্যতা অনুযায়ী কাজ পাব কি না, নিজের মত নির্ভয়ে বলতে পারব কি না, রাস্তায় নিরাপদে চলতে পারব কি না—আমার কাছে পরিবর্তনের মাপকাঠি এগুলোও।আমি চট্টগ্রামের বাসিন্দা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন বিভাগে চতুর্থ বর্ষে পড়ছি। বিশ্ববিদ্যালয়ের পাট শেষ করার কাছাকাছি এসে ভবিষ্যৎ নিয়ে ভাবনা বাড়ছে।
নিজের পায়ে দাঁড়াতে চাই। নিজের সিদ্ধান্ত নিজে নিতে চাই। কিন্তু সেই পথ কতটা খোলা, বিশেষ করে একজন নারীর জন্য—এ প্রশ্নও ভাবায়।আমাদের প্রজন্মকে জেন–জি বলা হয়। আমরা প্রশ্ন করি, মত জানাই, অন্যায় দেখলে প্রতিবাদ করতে চাই। আমার মনে হয়, এই প্রবণতা সমাজের জন্য প্রয়োজন। বড়দের কথা শুনব, তাঁদের অভিজ্ঞতা থেকেও শিখব। তবে কোনো কিছু দীর্ঘদিন ধরে চলে আসছে বলেই তা বিনা প্রশ্নে মেনে নিতে হবে কেন?
যে নিয়ম মানুষের অধিকার সংকুচিত করে, যে আচরণ কাউকে ছোট করে, সেগুলো বদলানোর কথা বলতেই হবে।রাজনীতির কাছেও আমার প্রত্যাশা এখানেই।
সূত্র: প্রথম আলো