বিএনপি ক্ষমতায় আসার আগে ও পরে পরিবেশ সুরক্ষায় অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছিল। ইতিমধ্যে কিছু ইতিবাচক উদ্যোগ দৃশ্যমান হলেও পাশাপাশি পরিবেশের ক্ষতি হয়, এমন কিছু সিদ্ধান্তও দেখা যাচ্ছে। সম্প্রতি সেন্ট মার্টিনে পর্যটক প্রবেশের সংখ্যা ও সময়সীমা বৃদ্ধির যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা দেশের একমাত্র প্রবালসমৃদ্ধ এই দ্বীপের প্রাণপ্রকৃতি ও সংবেদনশীল জীববৈচিত্র্যের জন্য হুমকি তৈরি করতে পারে।
ইতিমধ্যে ৫ নভেম্বর থেকে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে।প্রথম আলোর প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, সরকার সেন্ট মার্টিনে প্রতিদিনের পর্যটক যাতায়াতের সীমা ২ হাজার থেকে একলাফে ৭৫ শতাংশ বাড়িয়ে ৩ হাজার ৫০০ জনে উন্নীত করেছে এবং রাতযাপনের সুযোগ দুই মাস থেকে বাড়িয়ে সাড়ে চার মাস নির্ধারণ করেছে।
যেখানে আগের সীমিতসংখ্যক পর্যটক সামলাতেই নানা চ্যালেঞ্জের সৃষ্টি হতো, সেখানে বিজ্ঞানসম্মত সমীক্ষা ছাড়াই গৃহীত এই সিদ্ধান্ত দ্বীপটির নাজুক পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করবে।প্রতিবেশগত দিক থেকে অত্যন্ত সংবেদনশীল এই দ্বীপকে ১৯৯৯ সালে ‘প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা’ হিসেবে ঘোষণা করা হয়েছিল।
সূত্র: প্রথম আলো