আগামী শিক্ষাবর্ষের শুরুতেই সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছানোর লক্ষ্য এনসিটিবির। গত দুই শিক্ষাবর্ষের দেরি কাটিয়ে এবার সময়মতো বই সরবরাহের আশা করছে সংস্থাটি।আগামী শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে বিতরণের জন্য প্রাথমিক স্তরের ৯৮ শতাংশের বেশি পাঠ্যবই ছাপার কাজ শেষ হয়েছে। মাধ্যমিক স্তরেও ৭১ শতাংশের বেশি বই ছাপা হয়েছে।প্রাথমিক স্তরের বই ছাপা ও সরবরাহের কাজ প্রায় শেষ পর্যায়ে।
মাধ্যমিক স্তরে তুলনামূলক পিছিয়ে আছে।তবে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করা সম্ভব হবে বলে আশা করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। সংস্থাটির কর্মকর্তারা বলছেন, এবার শিক্ষাবর্ষের শুরুতে পাঠ্যবই সরবরাহে কোনো সংকট হবে না।এবার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশের সময়ই শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাবর্ষের বই তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
সে অনুযায়ী, নভেম্বরের মধ্যেই অধিকাংশ বই ছাপার কাজ শেষ করে মাঠপর্যায়ে পাঠানোর লক্ষ্য নির্ধারণ করেছে এনসিটিবি।নতুন বছরের শুরুতে শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য প্রস্তুত করা হচ্ছে পাঠ্যবই।
সূত্র: প্রথম আলো