‘একটি দেশের স্বাধীনতার পেছনে থাকে অসংখ্য আত্মত্যাগের গল্প, আর সেই গল্পগুলোর আড়ালে লুকিয়ে থাকে কত মায়ের নীরব কান্না—যার খবর ইতিহাসের পাতায় লেখা থাকে না, লেখা থাকে শুধু হৃদয়ে।’কিছু বই পড়ে শেষ করা যায়, কিন্তু কিছু বই শেষ করার পরও মনটা বইয়ের পাতায় আটকে থাকে। বুকের ভেতর জমে থাকে এক অদ্ভুত শূন্যতা, চোখের কোণে অজান্তেই জল এসে যায়।
আনিসুল হকের ‘মা’ আমার কাছে ঠিক তেমনই একটি বই—যে বই শুধু একটি গল্প শোনায় না, বরং ভালোবাসা, বেদনা আর আত্মত্যাগের এমন এক জগতে নিয়ে যায়, যেখান থেকে ফিরে আসার পরও মনটা আগের মতো থাকে না।বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত এই উপন্যাসের কেন্দ্রে রয়েছেন শহীদ আজাদ ও তাঁর মা সাফিয়া বেগম। তাঁদের জীবনের গল্পের মধ্য দিয়ে লেখক তুলে ধরেছেন মাতৃত্বের গভীরতা, দেশপ্রেমের মহত্ত্ব এবং প্রিয়জনকে হারানোর এক অসহনীয় বেদনা।
এটি শুধু একজন মুক্তিযোদ্ধার গল্প নয়, এটি একজন মায়ের গল্প—যাঁর পৃথিবীজুড়ে ছিল তাঁর সন্তান, অথচ সেই সন্তানকেই দেশের জন্য উৎসর্গ করতে হয়েছে।
সূত্র: প্রথম আলো