ভৈরব নদের তীব্র ভাঙনে খুলনার বড় বাজারের ঐতিহ্যবাহী লোহাপট্টি এখন নদীবক্ষে ভাসমান অবস্থায় টিকে রয়েছে। নদের অংশ ঘেঁষে থাকা দোকানগুলোর নিচে কোনো মাটি না থাকায় ব্যবসায়ীরা বাধ্য হয়ে বাঁশ ও কাঠের খুঁটির ওপর অর্ধশতাধিক অস্থায়ী দোকান তৈরি করে ঝুঁকি নিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
নদী ও বাজার সংরক্ষণ প্রসঙ্গে খুলনা সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মশিহুজ্জামান খান জানান, কয়েক বছর আগে জার্মান ব্যাংক কেএফডব্লিউ ক্লাইমেট ফান্ডের আওতায় নদের তীরে কংক্রিটের পাড়, হাঁটার রাস্তা ও ঘাট তৈরির প্রস্তাব দিয়েছিল। তবে ব্যবসায়ীদের স্থানান্তরে অনীহা এবং সিটি করপোরেশনের পুনর্বাসন সক্ষমতা না থাকায় সম্ভাব্যতা যাচাইয়ের পর প্রকল্পটি আর বাস্তবায়িত হয়নি।
সিটি করপোরেশনের প্রধান নগর পরিকল্পনাবিদ আবির উল জব্বার জানিয়েছেন, বড় বাজারের জমির মালিকানা নিয়ে সরকারি সংস্থাগুলোর মধ্যে বিরোধ থাকায় সংরক্ষণে কেউ এগিয়ে আসছে না। এই অনিশ্চয়তার মুখে লোহাপট্টির ব্যবসায়ীরা বড় বাজার রক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।
সূত্র: প্রথম আলো