বান্দরবান জেলা শহরের কসাইপাড়া এলাকার পাহাড়ি খাদের একটি ঝিরি থেকে মো. শরীফ (৩৩) নামে এক যুবদল নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। কসাইপাড়া বান্দরবান বাসস্টেশনের অদূরে বান্দরবান-চট্টগ্রাম সড়কের পাশে অবস্থিত। নিহত শরীফ জেলার পৌর যুবদলের ৯ নম্বর ওয়ার্ডের তালুকদারপাড়া ব্লকের যুগ্ম আহ্বায়ক বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।
তিনি শহরের মেঘলা পর্যটন এলাকার ভাণ্ডারিপাড়ার মো. জহিরের ছেলে।পুলিশ জানায়, মো. শরীফের হাত, পা ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ছাড়া তাঁর নাক ও মুখ দিয়ে রক্ত ঝরছিল। তিনি পাহাড় থেকে ঝিরিতে পড়ে নিহত হয়েছেন নাকি কেউ তাঁকে হত্যা করেছে এ বিষয়ে তদন্ত চলছে।স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে কয়েকজন নারী ঝিরি থেকে পানি আনতে গিয়ে একটি লাশ ভাসতে দেখেন। পরে তাঁরা বিষয়টি পাড়ার লোকজনকে জানান।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে গভীর পাহাড়ি খাদ থেকে লাশটি উদ্ধার করেন।বান্দরবান পৌর যুবদলের সভাপতি মোহাম্মদ আরিফ বলেন, লাশ উদ্ধারের পর তাঁরা শনাক্ত করেছেন।
সূত্র: প্রথম আলো