ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডের মধ্যে ২৯টি ডেঙ্গুর অধিক ঝুঁকিতে রয়েছে। সংস্থাটির এডিস মশার লার্ভা জরিপে এ চিত্র উঠে এসেছে। এসব ওয়ার্ডে আজ রোববার একযোগে চিরুনি অভিযান শুরু করেছে ডিএসসিসি। এর আওতায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশকনিধন কার্যক্রম চালানো হবে। আজ দুপুর সাড়ে ১২টায় আজিমপুর সরকারি কোয়ার্টারের বি-টাইপ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আবদুস সালাম।
করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গুর ঝুঁকি নিরূপণ ও এডিস মশার প্রজননস্থল শনাক্ত করতে গত ২৭ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত ৭৫টি ওয়ার্ডে ‘বর্ষাকালীন এডিস লার্ভা জরিপ ২০২৬’ পরিচালনা করা হয়। ১২ দিনের এ জরিপে বৈজ্ঞানিক পদ্ধতিতে ২ হাজার ২৫০টি বাড়ি পরিদর্শন করা হয়। এর মধ্যে ৩২২টি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া যায়।
শনাক্ত লার্ভা তাৎক্ষণিকভাবে ধ্বংসের পাশাপাশি লার্ভানাশক প্রয়োগ করা হয়।ডিএসসিসি ও স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগনিয়ন্ত্রণ শাখার ৩৬ জন মাঠকর্মী ‘কোবো টুলবক্স’ ব্যবহার করে তথ্য সংগ্রহ করেন।
সূত্র: প্রথম আলো