চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত বাংলাদেশি যুবক মনিরুল ইসলামকে ভারতের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর পায়ে গুলি ও পিঠে আঘাত লেগেছে। পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগরের শক্তিনগর হাসপাতালে পুলিশি নজরদারিতে তাঁর চিকিৎসা চলছে। তবে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এর আগে শুক্রবার সন্ধ্যার পর জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদিনীপুর সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় বিএসএফের গুলিতে মনিরুল আহত হন।
তাঁর বাড়ি জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামে।মনিরুলের গুলিবিদ্ধ হওয়া ও ভারতের হাসপাতালে চিকিৎসাধীন থাকার বিষয়টি আজ রোববার সকালে প্রথম আলোকে নিশ্চিত করেছেন বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তোয়াসীন হাবিব।মেজর তোয়াসীন হাবিব প্রথম আলোকে বলেন, গতকাল শনিবার রাতে বিএসএফের সঙ্গে যোগাযোগ হয়েছে।
সূত্র: প্রথম আলো