‘আমাকে একটু রস দাও’—খেজুরগাছের নিচে গ্লাস পেতে এ কথা বললেই রসে ভরে যাচ্ছিল। অবশ্য গাছটি জ্যান্ত নয়, খেজুরগাছের একটি মডেল। গ্লাসে রস ঢালার ব্যাপারটি ‘বিশেষ সেন্সর’ লাগিয়ে করা হয়েছিল। অতিথিদের আনন্দ দিতে গত শনিবার রাজশাহীতে অনুষ্ঠিত ‘তৃতীয় গুড় সম্মেলনে’ এই ব্যবস্থা ছিল। সকালে অনুষ্ঠানস্থলে পৌঁছে সবার প্রথম কাজই ছিল এক গ্লাস খেজুরের রস পান করা।
‘রস ও গুড়’ নামের একটি ফেসবুক পেজের উদ্যোক্তারা সারা দেশে ভেজালমুক্ত গুড় উৎপাদন এবং তরুণ উদ্যোক্তাদের এক ছাতার নিচে আনতে দিনব্যাপী এই উৎসবের আয়োজন করেন। রাজশাহীর চারঘাটে বাংলাদেশ পুলিশ একাডেমির বিনোদন পার্কে বসেছিল এই মিলনমেলা। সারা দেশ থেকে ৪৫০ জন উদ্যোক্তা এতে যোগ দেন। গ্লাসে রস ভরার প্রযুক্তিটি তৈরি করেছেন চট্টগ্রামের উদ্যোক্তা ও মধু–গবেষক সৈয়দ মঈনুল আনোয়ার।
তিনি হাসতে হাসতে বলেন, গ্লাসে রস ঢালার কাজটি একটি সেন্সরের মাধ্যমে হচ্ছে, মুখে না বললেও চলবে।
সূত্র: প্রথম আলো