সুনামগঞ্জের ধর্মপাশায় ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে দাওয়াত না দেওয়ায় নওধার সেভেন সাইড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও বিএনপির নেতা-কর্মীদের একটি অংশ।গতকাল রোববার বেলা ১১টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের নওধার গ্রামের পূর্ব পাশের সড়কে এ মানববন্ধন হয়।তবে বিএনপির নেতারা দাওয়াত না পাওয়ার কারণে খেলা বন্ধ করার অভিযোগ অস্বীকার করেছেন।
পাইকুরাটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন, এলাকাবাসী এবং সচেতন ক্রীড়াপ্রেমী জনতার ব্যানারে আয়োজিত মানববন্ধনে শতাধিক মানুষ অংশ নেন।
এতে বক্তব্য দেন গ্রাম্য মাতব্বর সহিব উদ্দিন, ফখর উদ্দিন, বিএনপি কর্মী নূরুল আমিন, ছাত্রদল কর্মী মোহাম্মদ আলী ও কলেজছাত্র বায়েজীদ মিয়া।এলাকাবাসী ও আয়োজকদের সূত্রে জানা গেছে, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে স্থানীয় কয়েকজন তরুণের উদ্যোগে গত ১৬ অক্টোবর নওধার দক্ষিণপাড়া গ্রামের মাঠে টুর্নামেন্টের উদ্বোধন হয়।
সূত্র: প্রথম আলো