৩১ অক্টোবরের মধ্যে সরকারি বাসা ছাড়ার সময়সীমা বেঁধে দেওয়ার পরেও যাঁরা এখনো থেকে গেছেন, তাঁদের সরাতে এবার অভিযান পরিচালনা করবে সরকারি আবাসন পরিদপ্তর। কোন কোন সরকারি চাকরিজীবীর বাসায় এখনো সাবলেট ও ভাড়াটে থাকছে, তাদের চিহ্নিত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পরিদপ্তরের কর্মকর্তারা। তবে চূড়ান্ত ব্যবস্থা নেওয়ার আগে তাঁদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে।
ভাড়াটে কেন বাসা ছাড়েননি, সে বিষয়ে যৌক্তিক কারণ ব্যাখ্যা করতে হবে। যৌক্তিক কারণ দেখাতে না পারলে বাসা বরাদ্দ বাতিল করা হতে পারে বলে সরকারি আবাসন পরিদপ্তর সূত্রে জানা গেছে। বেঁধে দেওয়া সময়ের মধ্যে সবাই বাসা ছেড়েছেন কি না, তা যাচাই করতে আবাসন পরিদপ্তরের তদন্ত দল এখন সরেজমিনে বিভিন্ন এলাকায় যাচ্ছে। কারা বাসা ছেড়েছেন আর কারা এখনো ছাড়েননি, তা নিয়ে একটি তালিকা তৈরি করা হচ্ছে।
আবাসন পরিদপ্তরের পাঁচটি তদন্ত দল ঢাকার বিভিন্ন সরকারি আবাসনে যাচ্ছে।
সূত্র: প্রথম আলো