সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর ভবনে হামলা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলায় বহুতল ভবন আরামকো টাওয়ারের বেশ কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আজ রোববার ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির ছোড়া ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করার কথা জানিয়েছিল সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। সাম্প্রতিক মাসগুলোয় হুতিরা প্রায় নিয়মিত আরামকোর বিভিন্ন অবকাঠামোয় হামলা চালাচ্ছে।
তেলবাহী জাহাজ, শোধনাগার, সংরক্ষণাগার এবং কোম্পানির প্রধান কার্যালয় লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে। রিয়াদে কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট (কেএএফডি) এলাকায় আরামকো টাওয়ারের অবস্থান। একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপিকে বলেন, কেএএফডির আরামকো টাওয়ারে হামলা হয়েছে, এটা নিশ্চিত।
অপর দুজন প্রত্যক্ষদর্শী হামলা ও ভবনটির ক্ষয়ক্ষতি দেখার কথা নিশ্চিত করেছেন।আরামকো টাওয়ার এলাকার একজন প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি গোলা বা ক্ষেপণাস্ত্র ভবনটিতে আঘাত হানতে দেখেছেন।
সূত্র: প্রথম আলো