ঢাকার সাভার ও ধামরাই উপজেলার পৃথক চারটি স্থানে তিন রাতে চারটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার থেকে গতকাল শনিবার রাত পর্যন্ত এসব ঘটনা ঘটে। মধ্যরাতে দাঁড় করিয়ে রাখা এসব বাসে আগুন লাগায় যাত্রী বা অন্য কেউ হতাহত হয়নি।
আজ রোববার দুপুরে সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম ও ধামরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার আল আমিন খান এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বাসে আগুনের ঘটনাগুলো কেন ঘটছে এবং এর সঙ্গে কারা জড়িত এটি এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
তবে ঘটনাগুলোকে নাশকতা মনে করছে ফায়ার সার্ভিস।সাভার ফায়ার সার্ভিসের স্টেশনের কর্মকর্তারা জানান, শনিবার রাতে সাভার থানা স্ট্যান্ড এলাকায় সাভার পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখেন বাসের চালক।
সূত্র: প্রথম আলো