নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ রোববার বিকেলে মিছিল নিয়ে ফেরার পথে উপজেলার পুরাতন স্টিলব্রিজ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকেল সাড়ে চারটার দিকে আড়াইহাজার পৌরসভার শহীদ মঞ্জুর স্টেডিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি চলছিল। এ সময় উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব মোবারক হোসেনের নেতৃত্বে একটি মিছিল নিয়ে তাঁর অনুসারীরা মঞ্চের সামনে অবস্থান নেন।
পরে বিকেল পৌনে পাঁচটার দিকে কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন আহমেদের (সালামত) নেতৃত্বে আরেকটি মিছিল মঞ্চের সামনে গেলে দুই পক্ষের নেতা–কর্মীদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
সূত্র: প্রথম আলো