রাজধানীর ক্যান্টনমেন্টের ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রপার্টিজ নামের আবাসন প্রকল্পে গত শনিবার বিকেলে আবার হামলা, ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ পুরুষ ও ৪ নারীসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ঘটনার পর উল্টো ওই আবাসন প্রকল্পের মালিকের বিরুদ্ধেই মামলা হয়েছে।নিউগিনি আবাসন প্রকল্পের মালিক মো. নাজিম উদ্দিন ভূঁইয়া রোববার প্রথম আলোকে বলেন, ‘আমি ঘটনাস্থলে ছিলাম না, আমাকে আসামি করে মামলা করা হলো।
তখন পুলিশ কিছু বলেনি। আমি যখন মামলা করতে গেলাম, তখন পুলিশ বলে কয়েকজনের নাম বাদ দিতে।
তাই আমি মামলা করিনি।’মো. নাজিম উদ্দিন ভূঁইয়া জানান, ঘটনাস্থল থেকে আটক ব্যক্তিদের ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেন, নিউগিনি আবাসন প্রকল্পের মালিক নাজিম উদ্দিনসহ ১২ জনের বিরুদ্ধে নুর মোহাম্মদ নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলা করেছেন।ওসি আরও বলেন, তিনি (নাজিম উদ্দিন) থানায় মামলা করতে এসেছিলেন, তবে হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না এমন ব্যক্তিকে আসামি করতে চেয়েছিলেন।
সূত্র: প্রথম আলো