১৯৬০ সালের শুরুর দিকে একদল মার্কিন কূটনীতিক একটি ইসরায়েলি হেলিকপ্টারে করে যাচ্ছিলেন। এ সময় তাঁদের একজনের চোখে পড়ে, ডেড সির প্রায় ২০ মাইল পশ্চিমে ইসরায়েলের নেগেভ মরুভূমির মধ্যে একটি স্থানে নির্মাণকাজ চলছে। মার্কিন ওই কর্মকর্তা জায়গাটি আঙুল দিয়ে দেখিয়ে তাঁদের সঙ্গে থাকা ইসরায়েলি প্রতিনিধি ও দেশটির অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা আডি কোহেনের কাছে জানতে চাইলেন, সেখানে কী তৈরি করা হচ্ছে?
উত্তরে কোহেন মার্কিন কর্মকর্তাদের বললেন, সেখানে একটি ‘বস্ত্র কারখানা’ তৈরি হচ্ছে। ওই মার্কিন কর্মকর্তাদের মধ্যে ছিলেন ইসরায়েলে সে সময়ে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ওগডেন রিড। হেলিকপ্টারের যাত্রীরা যে নির্মাণক্ষেত্র দেখেছিলেন, সেখানে আসলে ডিমোনা পারমাণবিক স্থাপনার নির্মাণকাজ চলছিল। বর্তমানে এটিকে মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক অস্ত্রভান্ডারের উৎপাদনক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয়।
মার্কিন গোয়েন্দারা নির্মাণস্থলটির প্রকৃত পরিচয় উদ্ঘাটন করার পর ওগডেন রিড ইসরায়েলি কর্মকর্তা কোহেনের সঙ্গে বৈঠক দাবি করেন; যদিও তত দিনে কয়েক মাস পেরিয়ে গিয়েছিল।কোহেন প্রথমে বিষয়টিকে হালকাভাবে দেখিয়েছিলেন।
সূত্র: প্রথম আলো