বয়সের খাতায় সাতাশ পূর্ণ হতে চলল, কিন্তু সংসারের জমা-খরচের খাতায় আমার অস্তিত্ব আজও এক মস্ত বড় শূন্য। লোকে বলে, আমার পায়ে নাকি শর্ষে আছে। কথাটা নেহাত মিথ্যা নয়; তবে শর্ষেটা পায়ে নয়, বোধ করি মগজের ঠিক মধ্যখানে ঘাপটি মেরে বসে আছে।
তাই বিএ পাসের সনদ যেদিন হাতে এল, সেদিনই মধ্যবিত্ত পরিবারের বড় ছেলের মতো সংসারের জোয়াল কাঁধে তুলে নেওয়ার বদলে নিঃশব্দে নিরুদ্দেশের ট্রেনে চেপে বসলাম।পকেট ও পেট—এই দুইয়ের যখন চরম দুর্দিন ঘনিয়ে আসে, কেবল তখনই এই ছন্নছাড়া মানুষটার নিজের শিকড়ের কথা মনে পড়ে। ভৈরব নদের তীরে আমাদের এই মফস্সল গ্রাম।
শহরের আধুনিকতার ছোঁয়া এর গায়ে লাগলেও অস্থিমজ্জায় আজও মিশে আছে হাজার বছরের পুরোনো লোকজ আখ্যান আর অশরীরী বিশ্বাস।স্টেশন থেকে মেঠো পথ ধরে গাঁয়ে পা রাখতেই যার সঙ্গে প্রথম দেখা, সে মন্টু।
সূত্র: প্রথম আলো