রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে দুর্বৃত্তদের গুলিতে এক গৃহবধূ আহত হয়েছেন। গতকাল রোববার রাত পৌনে নয়টার দিকে সাজেকের শুকনোছড়া ১০ নম্বর নতুনপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।গুলিবিদ্ধ গৃহবধূর নাম অরুণা চাকমা (৩০)। তিনি ওই এলাকার ইন্টন চাকমার স্ত্রী। আহত অবস্থায় রাতেই তাঁকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।সকালে খাগড়াছড়ি সদর হাসপাতালে গিয়ে কথা হয় আহত অরুণা চাকমার সঙ্গে।
হাসপাতালের শয্যায় শুয়ে থাকা অরুণা জানান, গতকাল রাতে তাঁর ননদ মুঠোফোন কল দিয়েছিলেন। ঘরে মুঠোফোনের নেটওয়ার্ক ঠিকমতো পাওয়া যায় না। তাই তিনি কথা বলতে ঘরের উঠোনে বের হয়েছিলেন। একপর্যায়ে মাচাংঘরে বসে কথা বলার সময় কে বা কারা তাঁকে উদ্দেশ্য করে কয়েকটি গুলি ছোড়ে। রাতে অন্ধকার থাকায় ওই দুর্বৃত্তদের তিনি দেখতে পাননি।অরুণা চাকমাকে হাসপাতালে নিয়ে আসেন দুই প্রতিবেশী। তাঁদের একজন কল্পনা চাকমা।
তিনি প্রথম আলোকে বলেন, রাতে হঠাৎ কয়েকটি গুলির শব্দের পর অরুণা চাকমার চিৎকার শোনেন তিনি।
সূত্র: প্রথম আলো