ছোটবেলায় বাবাকে হারিয়েছেন। জীবনের শুরুর পথটা তাই খুব মসৃণ ছিল না তাঁর। মাথার ওপর বাবার ছায়া নেই, তবে মায়ের স্নেহ ছিল। ছিলেন বোন আর দুলাভাই। তাঁদের হাত ধরেই একটু একটু করে বড় হয়েছেন মাহফিজুল ইসলাম। আর বুকের ভেতর লালন করেছেন ক্রিকেটার হওয়ার স্বপ্ন।
সেই স্বপ্নের পথে হাঁটতে হাঁটতে এবার পৌঁছে গেলেন জাতীয় দলের দরজায়।দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য ঘোষিত ১৬ সদস্যের বাংলাদেশ দলে জায়গা হয়েছে এই ডানহাতি ওপেনারের। ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখা থেকে শুরু করে জাতীয় দল পর্যন্ত আসা, মাহফিজুলের এই পথচলায় আছে অনেক দিনের পরিশ্রম, অপেক্ষা আর নিজেকে বারবার নতুন করে আবিষ্কারের গল্প।বাংলাদেশ ক্রিকেটও একটা পুরোনো সমস্যার সমাধান খুঁজছে তাঁর মধ্যে।
টেস্ট ক্রিকেটে একজন ভালো ডানহাতি ওপেনারের অভাব।
সূত্র: প্রথম আলো