চট্টগ্রাম নগরের কালুরঘাট এলাকায় একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ছাড়া নগরের নিউমার্কেট এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে এসব ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।দুটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে দেখা যায়, কালুরঘাট এলাকায় একটি বাসে দাউ দাউ করে আগুন জ্বলছে। গাড়িটি সড়কের পাশে রাখা।
অপর ভিডিওতে দেখা গেছে, নগরের ব্যস্ততম নিউমার্কেট মোড় এলাকায় সড়কের ওপর কিছু একটা ছুড়ে মারা হচ্ছে। সঙ্গে সঙ্গে তা বিস্ফোরিত হয়ে সেখানে ধোঁয়া উড়ছে।বাসে আগুনের বিষয়ে জানতে চাইলে নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশীদ আজ সোমবার সকালে প্রথম আলোকে বলেন, গতকাল মধ্যরাতে ঘটনাটি ঘটেছে।
বাসটিতে কেউ আগুন লাগিয়ে দিয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।পুলিশ কর্মকর্তা আমিনুর রশীদ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, বাসটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।
সূত্র: প্রথম আলো