মানুষ তার স্বপ্নের সমান বড়। কথাটা বলেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। কথাটা নিয়ে একটু ভাবতে বসি। আমি যত বড় স্বপ্ন দেখব, তত বড় হয়ে উঠব? এটা কি সম্ভব? আমি যদি ভাবি, আমি আইনস্টাইন হব, তাহলে কি আমি একদিন আইনস্টাইন হয়ে উঠব?এই প্রশ্নের উত্তর: হ্যাঁ। তুমি যদি ছোটবেলায় ভাবো, আমি বিশাল বড় পদার্থবিজ্ঞানী হব, তাহলে তুমি সেই স্বপ্নের পেছনে পরিশ্রম করবে। তোমাকে ভালোভাবে পড়াশোনা করতে হবে।
গণিত, বিজ্ঞান এমনকি বাংলা আর ইংরেজি ভালোভাবে পড়তে হবে, জানতে হবে। প্রচণ্ড পরিশ্রম করলে এই বিষয়ে তুমি ‘জিনিয়াস’ হয়ে উঠবে। ডেভিড শেংক নামের একজন লেখক জন্মগত প্রতিভার রহস্য বের করে ফেলেছেন। তাঁর বইয়ের নাম দ্য জিনিয়াস ইন অল অব আস। তাতে তিনি বলছেন, তুমি যদি আইনস্টাইনের মতো বিজ্ঞান ভালোবাসো আর প্রচণ্ড পরিশ্রম করো, তুমিও আইনস্টাইন হতে পারবে।
প্রতিভা আসলে বড় স্বপ্ন আর বড় পরিশ্রম ছাড়া আর কিছুই নয়।নরসিংদীর রায়হানের গল্প তোমাদের প্রেরণা দিতে পারে।
সূত্র: প্রথম আলো