‘যে কুনো উপায়ে বুড়া মানষিডাক আনে দেও বাপু। এ্যালা ঠান্ডার দিন আচ্চে। বুড়া মানষি, কেংকো আছে, কী খাচে, আল্লাহই জানে। বাড়িতে ওর যত অসুখ, ওইঠে সেলা কায় দেখিবে।’কথাগুলো বলতে বলতে দীর্ঘশ্বাস ফেলছিলেন তিন মাস আগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হওয়া তমিজ উদ্দিনের (৭৮) স্ত্রী রেজিনা বেগম (৬০)। স্বামী কোথায় আছেন, কেমন আছেন—কিছুই জানেন না তিনি। স্বামীকে ফিরে পেতে সন্তানদের নিয়ে ঘুরছেন মানুষের দ্বারে দ্বারে।
যোগাযোগের চেষ্টা করছেন বিভিন্ন দপ্তরে।তমিজ উদ্দিন পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের বিরাজোত গ্রামের বাসিন্দা। গত শনিবার বিকেলে তাঁর বাড়িতে গিয়ে কথা হয় পরিবারের সদস্যদের সঙ্গে। চার ছেলে ও স্ত্রীকে নিয়ে এখানে থাকতেন তমিজ উদ্দিন। ছেলেদের কেউ ট্রাক চালান, কেউ চা-শ্রমিক।পরিবারের সদস্যরা জানান, তাঁদের নিজেদের কোনো আবাদি জমি নেই। অন্যের জমি চুক্তিতে নিয়ে চাষাবাদ করে চলে সংসার।
বয়সের ভারে ভারী কাজ করতে না পারায় বাড়ির পাশের সীমান্ত এলাকায় নিজেদের পালিত গরুকে ঘাস খাওয়াতেন তমিজ উদ্দিন।প্রায় তিন মাস আগে পঞ্চগড়ের বিরাজোত সীমান্ত থেকে বিএসএফের হাতে আটক হন বাংলাদেশি নাগরিক তমিজ উদ্দিন গত ৮ আগস্ট সকালে বাড়ির পাশের বিরাজোত সীমান্তে একটি দলছুট গরু খুঁজতে গিয়ে ভুলক্রমে ভারতীয় ভূখণ্ডে ঢোকেন তমিজ উদ্দিন।
সূত্র: প্রথম আলো