ঘুষের মামলায় রাজধানীর লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের সার্ভেয়ার মো. আসাদুল ইসলামের (৫১) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এই আদেশ দেন।
দুদকের আইনজীবী দেলোয়ার জাহান প্রথম আলোকে এ তথ্য জানান।দুদকের আইনজীবী দেলোয়ার জাহান বলেন, ঘুষের এই মামলায় আসামি আসাদুলকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।৪ নভেম্বর রিমান্ডের আবেদনটি করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক হাফিজুর রহমান।
রিমান্ডের আবেদনের ওপর শুনানির জন্য আজকের দিন ধার্য করেছিলেন আদালত।পরিকল্পিতভাবে ‘ফাঁদ অভিযান’ চালিয়ে গত মঙ্গলবার সকালে আসাদুলকে গ্রেপ্তার করে দুদক।
সূত্র: প্রথম আলো