বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়েও চাকরির বাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা অর্জন করতে পারছেন না অনেক তরুণ। এ ঘাটতি দূর করে গ্র্যাজুয়েটদের দেশি-বিদেশি কর্মবাজারের উপযোগী করতে পাঁচ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
পরিকল্পনায় তৃতীয় ভাষা শিক্ষা, বাধ্যতামূলক ইন্টার্নশিপ, শিক্ষকদের প্রশিক্ষণ, পিএইচডি অর্জনের সুযোগ বাড়ানো এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার সংযোগ জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
গতকাল রোববার (৮ নভেম্বর ২০২৬) চট্টগ্রামের একটি হোটেলে চট্টগ্রাম অঞ্চলের ১৩টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে মতবিনিময় সভায় এ পরিকল্পনার কথা জানান ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ।সভায় ইউজিসি চেয়ারম্যান বলেন, দেশে বর্তমানে ১৮০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রায় ৫০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন।
সূত্র: প্রথম আলো