চট্টগ্রাম নগরের ব্যস্ততম মুরাদপুর ফরেস্ট গেট এলাকা। ওপরে উড়ালসড়ক, নিচে সিডিএ অ্যাভিনিউ দিয়ে চলছে একের পর এক যানবাহন। এর পাশেই একটি দোকানের সামনে বেঞ্চে বসে ছিলেন ইমতিয়াজ সুলতান ওরফে ইকরাম নামের এক যুবক। হঠাৎ অস্ত্র হাতে পাঁচ যুবক এসে তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকেন। প্রাণ বাঁচাতে পাশের একটি ভবনে আশ্রয় নেন তিনি। সেখানেও তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন অস্ত্রধারীরা। এতে ভবনের দরজা ও জানালার কাচে গুলি লাগে।
আহত হন ইমতিয়াজ। আজ সোমবার বেলা আড়াইটার দিকে নগরের পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ইমতিয়াজকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি আশঙ্কামুক্ত। পুলিশ জানায়, গুলিবিদ্ধ ইমতিয়াজ একসময় বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের সহযোগী ছিলেন। গত ১৮ ফেব্রুয়ারি এসআরবির হাতে অস্ত্রসহ গ্রেপ্তার হন ইমতিয়াজ। দুই মাস আগে জামিনে মুক্তি পান তিনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচ অস্ত্রধারী ইমতিয়াজকে লক্ষ্য করে ২৫ থেকে ৩০টি গুলি ছোড়েন।
সূত্র: প্রথম আলো