সিলেট টেস্টে বাংলাদেশের একাদশে বিস্ময় প্রকাশ করেছিলেন কেউ কেউ। মিরপুর টেস্টে তিন স্পিনার নিয়েও কাজের কাজ কিছু হয়নি, ম্যাচটা হারতে হয়েছে, স্পিনারদের বলেও ধার ছিল না তেমন। এরপর আবার সিলেটেও তিন স্পিনার নিয়ে খেলেছে বাংলাদেশ!সিলেটে ম্যাচ যত গড়িয়েছে, বিস্ময় ততই বেড়েছে। পুরো পাঁচ দিনই সিলেটের উইকেটে স্পিনারদের জন্য তেমন সাহায্য ছিল না। এমন উইকেটেও কেন বাংলাদেশ তিন স্পিনার নিয়ে একাদশ সাজাল?
আজ সিলেটে টেস্ট ড্র হওয়ার পর অধিনায়ক নাজমুল হোসেনের কথায় সেই বিস্ময়ও আরও বাড়ল। তাঁর দাবি, স্বাগতিক দল হয়েও নাকি নিজেদের চাওয়া অনুযায়ী উইকেট পায়নি বাংলাদেশ।ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নাজমুল বলেন, ‘এ রকম (উইকেট) চাওয়া ছিল না। যদি এমনটাই হতো, তাহলে হয়তো আমরা আরও একজন বাড়তি পেসার নিয়ে খেলতে পারতাম। আমাদের পরিকল্পনা ছিল, স্পিনটা হয়তো আরেকটু আগে থেকেই কার্যকর হবে।
কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটি হয়নি।’নাজমুল আরও বলেন, ‘ভবিষ্যতে যদি আবার এমন কন্ডিশন তৈরি করতে চাই, তাহলে এ বিষয়ে আরও ভালোভাবে আলোচনা করতে হবে (বোর্ড ও কিউরেটরদের সঙ্গে)।
সূত্র: প্রথম আলো