দেশ থেকে মাওবাদীদের ‘নিশ্চিহ্ন’ করার পরের লড়াইয়ের সুর বেঁধে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, এবার ‘দিমাগি নকশালদের’ হাত থেকে দেশকে বাঁচাতে হবে। গতকাল রোববার দীপাবলির দিনটি প্রধানমন্ত্রী উদ্যাপন করেন ছত্তিশগড় রাজ্যের বস্তারে। জঙ্গল, পাহাড়, ঝরনা ও আদিবাসী অধ্যুষিত বস্তারের বিস্তীর্ণ অঞ্চল কিছুকাল আগেও ছিল সশস্ত্র নকশালপন্থী–মাওবাদীদের মুক্তাঞ্চল।
সেখানে গিয়েই এবার নিরাপত্তারক্ষীদের সঙ্গে দীপাবলি উদ্যাপন করলেন প্রধানমন্ত্রী মোদি। বস্তারে প্রধানমন্ত্রী বলেন, দেশের সব জেলা থেকে মাওবাদীরা নিশ্চিহ্ন হয়েছে। এখন আর কোনো জেলায় সশস্ত্র মাওবাদীদের উপস্থিতি নেই। মানুষ শান্তিতে ও নিরুদ্বেগে রয়েছে। এখন অবশিষ্ট আছে দিমাগি নকশাল। এরা দেশের সংবিধান, গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জনগণকে প্ররোচিত করছে। উসকানি দিচ্ছে।
এদের পরাস্ত করে দেশকে রক্ষা করতে হবে।নরেন্দ্র মোদি কিছুদিন আগেও যাদের ‘টুকরে টুকরে গ্যাং’ বলে অভিহিত করতেন, যাদের তিনি ‘খান মার্কেট গ্যাং’ বলতেন, ‘আরবান নকশাল’ বা ‘আন্দোলনজীবী’ বলে যাদের কটাক্ষ করতেন, তাদেরকেই এখন দিমাগি নকশাল বলছেন।
সূত্র: প্রথম আলো