ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আজ সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ উঠলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ কথা বলেন বলে সভা সূত্র জানিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে বিকেলে সংসদের সরকারদলীয় সভাকক্ষে এ সভা হয়।
এতে সংসদনেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করেন। তিনি এ বিষয়ে কোনো বক্তব্য দেননি।
তবে সভায় উপস্থিত একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে বলেছেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।’প্রসঙ্গত, আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার ইচ্ছার কথা জানিয়েছেন।
সূত্র: প্রথম আলো