চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমাম পায়ে আঘাত পাওয়ায় নিজ কার্যালয়ে যেতে পারছেন না। এ জন্য তিনি সেবাগ্রহণকারীদের তাঁর বাংলোর কার্যালয়ে আসার অনুরোধ জানিয়েছেন। এ বিষয়ে ইউএনও তাঁর দাপ্তরিক ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দিয়েছেন।আজ সোমবার সকালে ইউএনও তাঁর ফেসবুক আইডি (ইউএনও, মতলব দক্ষিণ, চাঁদপুর) থেকে এলাকাবাসীর উদ্দেশে এই পোস্ট দেন।
এতে তিনি লেখেন, ‘পায়ের গোড়ালির লিগামেন্টে আঘাতের কারণে গত দুই সপ্তাহ ধরে আমি উপজেলা কার্যালয়ে উপস্থিত হয়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে পারছি না। তবে আমার বাংলো কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম যথারীতি চলমান রয়েছে। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে সেবাগ্রহীতারা নানা বিষয়ে আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। কোনো সেবা গ্রহণ বা অন্য প্রয়োজনে আমার সঙ্গে সাক্ষাৎ করার দরকার হলে, অনুগ্রহ করে আমার বাংলোর কার্যালয়ে আসবেন।
উপজেলা প্রশাসন সব সময় আপনাদের সেবায় নিয়োজিত।’ইউএনও কার্যালয় সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর ব্যাডমিন্টন খেলতে গিয়ে ইউএনও কে এম ইশমামের ডান গোড়ালির লিগামেন্ট আংশিক ছিঁড়ে যায়।
সূত্র: প্রথম আলো