সরকারি তেল কোম্পানি যমুনা অয়েলে মুনাফা কমে গেছে। এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা কমেছে প্রায় ২২৩ কোটি টাকা বা ৩৪ শতাংশের বেশি। ২০২৫-২৬ অর্থবছর শেষে যমুনা অয়েল মুনাফা করেছে ৪২৫ কোটি টাকা। তার আগে ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানিটি মুনাফা করেছিল প্রায় ৬৪৮ কোটি টাকা।গতকাল রোববার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় গত অর্থবছরের আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়। তাতে কোম্পানিটির মুনাফা কমে যাওয়ার এ তথ্য উঠে এসেছে।
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে আজ সোমবার আর্থিক প্রতিবেদনের এসব তথ্য স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে বিনিয়োগকারীদের জানিয়েছে কোম্পানিটি। একই সভায় গত অর্থবছরের জন্য লভ্যাংশেরও সিদ্ধান্ত হয়েছে। তাতে গত অর্থবছরের জন্য শেয়ারধারীদের ১২০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ শেয়ারধারীরা প্রতি শেয়ারের বিপরীতে পাবেন ১২ টাকা। ঘোষিত এই লভ্যাংশ বাবদ কোম্পানিটি বিতরণ করবে ১৩২ কোটি ৫০ লাখ টাকা।
গত বছর যমুনা অয়েল শেয়ারধারীদের ১৮০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
সূত্র: প্রথম আলো