কুমিল্লার হোমনা আদর্শ উচ্চবিদ্যালয়ে ফুটবল খেলার সময় মাঠেই লুটিয়ে পড়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. জিসান আহমেদ (১৪)। তাৎক্ষণিক জিসানকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজ সোমবার বেলা আড়াইটার দিকে হোমনা পৌরসভা ও মাথাভাঙ্গা ইউনিয়ন দলের খেলা চলাকালে এ ঘটনা ঘটে। নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) ২০২৬-এর উপজেলা পর্যায়ের প্রথম রাউন্ডের খেলা ছিল এটি।
জিসান মাঠে লুটিয়ে পড়ার পর খেলাটি বন্ধ করে দেওয়া হয়। জিসান হোমনা আদর্শ উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে হোমনা পৌরসভা দলের হয়ে খেলছিল। খেলা শুরুর চার-পাঁচ মিনিটের মধ্যে হঠাৎ মাঠে লুটিয়ে পড়ে সে।
পরে খেলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জিসানকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলার সময় হঠাৎ হৃৎক্রিয়া বন্ধ হয়ে জিসানের মৃত্যু হয়েছে।জিসান হোমনা উপজেলার জয়পুর ইউনিয়নের দড়িকান্দি গ্রামের সৌদিপ্রবাসী জালাল হোসেনের একমাত্র সন্তান।
সূত্র: প্রথম আলো