কুষ্টিয়ায় দিনদুপুরে বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোরের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তবে তাকে এখনো আটক করতে পারেনি। তার বাড়িতে অভিযান চালিয়ে কাউকে পাওয়া যায়নি। ঘটনার পর বাড়িতে তালা দিয়ে পরিবারের সদস্যরা চলে গেছেন।
এদিকে ওই ঘটনার পর শহরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে বিভিন্ন স্থান থেকে ১৪ জনকে আটক করেছে পুলিশ।আজ সোমবার বেলা ১টা ১১ মিনিটের দিকে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় বাসার সামনে ওই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করা হয়। সে শহরের একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। স্কুল থেকে নির্বাচনী পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পর ভবনের নিচে দাঁড়িয়ে কলবেল বাজানোর সময় এক কিশোর পেছন থেকে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
তার শরীরের অন্তত ছয়টি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
সূত্র: প্রথম আলো