পাহাড়ের পাশে ধানের খেত। কোথাও গাঢ় সবুজ, কোথাও হালকা সবুজ, কোথাও আবার ধানের শিষে লেগেছে সোনালি আভা। বাতাসে দুলছে শিষ। দূর থেকে মনে হয়, সবুজ পাহাড়ের কোলে কেউ যেন নকশিকাঁথা বিছিয়ে রেখেছে। এমন মনকাড়া দৃশ্যে চোখ জুড়ালেও কৃষকের মনে স্বস্তি নেই। কারণ, ধান পাকলেই পাহাড় থেকে নেমে আসে বন্য হাতির দল।
মুহূর্তে তছনছ করে দিতে পারে সারা বছরের পরিশ্রম।সবুজ–হলুদের মিশেল শেরপুরের গারো পাহাড়সংলগ্ন সীমান্তবর্তী শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার বিস্তীর্ণ এলাকায় এখন আমন ধানের সমারোহ। কৃষকদের আশা, আর কয়েক সপ্তাহ পরই মাঠে ধান কাটা শুরু হবে। তার আগে ফসল ঘরে তোলা নিয়ে তাঁদের দুশ্চিন্তা।গত শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সীমান্ত সড়ক ধরে তিন উপজেলার পাহাড়সংলগ্ন বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
শ্রীবরদীর কণঝুড়া, হালচাটি, ঝুলগাঁও, বালিজুরি, বাবলাকুনা ও খাড়ামুরা; ঝিনাইগাতীর রাংটিয়া, বড় গজনী, ছোট গজনী, তাওয়াকুচা ও গোমড়া; নালিতাবাড়ীর সমশ্চূড়া, পোড়াবাড়ি, বুরুঙ্গা, বাতকুচি, বারোমারি, দাওধারা–কাটাবাড়ি, তারানি, পানিহাটাসহ বিভিন্ন এলাকায় বিস্তীর্ণ জমিতে ধানের আবাদ হয়েছে।
সূত্র: প্রথম আলো