রাঙামাটির কাউখালী উপজেলা পরিষদ মাঠে পাহাড়ি কিশোরীদের প্রতিদিনের ফুটবল অনুশীলনের দৃশ্য কেবল তাদের ব্যক্তিগত স্বপ্নের গল্প নয়; এটি নারীর অদম্য পথচলার প্রতীকও। ২০১৮ সালে আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক থেকে ঋণ নিয়ে সুইহলামং মারমা যে ফুটবল একাডেমি শুরু করেছিলেন, তা আজ পার্বত্য অঞ্চলের নারী ফুটবলার তৈরির এক নিরবচ্ছিন্ন সূতিকাগারে পরিণত হয়েছে।
পাহাড় থেকে সমতলে নারী ফুটবলের যে জয়গান, তার পেছনে আছে তৃণমূল পর্যায়ে এমন সব ফুটবল একাডেমির নিরলস ভূমিকা।প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, মাত্র ১৪ জন কিশোরী নিয়ে শুরু হওয়া সুইহলামং ফুটবল একাডেমিতে আজ ৪২ জন খেলোয়াড় নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছে।
সুইহলামং মারমার নিজের ও স্ত্রীর বেতনের বড় অংশ ব্যয় করে এবং এনজিও থেকে বাড়তি ঋণ নিয়ে ফুটবল একাডেমিটি টিকিয়ে রাখার এই নিরন্তর সংগ্রাম সত্যিকার অর্থেই অনুপ্রেরণাদায়ক।পার্বত্য অঞ্চলের পাহাড়ি মেয়েদের শারীরিক সক্ষমতা এবং ফুটবলের প্রতি সুপ্ত সম্ভাবনা যে কতখানি শক্তিশালী, তা বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দলের সাম্প্রতিক সাফল্যেই স্পষ্ট।
সূত্র: প্রথম আলো