দেশের বাজারে এসেছে গিগাবাইটের গেমিং ব্র্যান্ড অরাসের নতুন ল্যাপটপ ‘অরাস মাস্টার ১৬’। উচ্চক্ষমতার প্রসেসর, শক্তিশালী গ্রাফিকস কার্ড আর ওএলইডি ডিসপ্লের সমন্বয়ে তৈরি ল্যাপটপটি পেশাদার গেমার, স্ট্রিমার ও কনটেন্ট নির্মাতাদের লক্ষ্য করে বাজারে আনা হয়েছে। ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে এএমডির রাইজেন ৯ ৯৯৫৫এইচএক্স৩ডি প্রসেসর।
গ্রাফিকসের জন্য রয়েছে এনভিডিয়ার জিফোর্স আরটিএক্স ৫০৮০ ল্যাপটপ জিপিইউ, যা হালনাগাদ ভারী গেম উচ্চ সেটিংসে খেলা এবং ভিডিও সম্পাদনা ও থ্রিডি রেন্ডারিংয়ের মতো কাজে কার্যকর পারফরম্যান্স দেবে।ল্যাপটপটির পর্দা ১৬ ইঞ্চির ওএলইডি, যার রিফ্রেশ রেট ২৪০ হার্টজ। ফলে দ্রুতগতির গেমে ছবি থাকবে মসৃণ, রং হবে উজ্জ্বল ও প্রাণবন্ত। এ ছাড়া রয়েছে ১৬ গিগাবাইট ডিডিআর–৫ র্যাম এবং ১ টেরাবাইট এনভিএমই এসএসডি।
ল্যাপটপটিতে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম দেওয়া আছে।
সূত্র: প্রথম আলো