পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে গতকাল সোমবার গভীর রাতে লগি–বইঠা হাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ এবং ট্রাক ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
দিবাগত রাত দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত জাজিরার নাওডোবা এলাকায় এ ঘটনা ঘটে।প্রায় এক ঘণ্টা ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ থাকায় সেতুর ওপরসহ আশপাশের এলাকায় কয়েক শ যানবাহন আটকা পড়ে।পরে পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নেতা–কর্মীদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে ৭০০ থেকে ৮০০ জন নাওডোবা এলাকায় জড়ো হন।
সূত্র: প্রথম আলো