নড়াইলের লোহাগড়া উপজেলায় একটি বাড়ির ছাদ থেকে এক ভ্যানচালকের হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার লক্ষ্মীপাশা গ্রামের মোল্যার মাঠের পাশের একটি বাড়ির ছাদ থেকে মরদেহ উদ্ধার করা হয়।ওই ব্যক্তির নাম আজিবার শেখ (৪০)। তিনি লোহাগড়ার সিংগা গ্রামের বাসিন্দা। তিনি ভ্যানে করে কাঠ টানার কাজ করতেন।
পাশাপাশি যাত্রী পরিবহনও করতেন।আজিবারের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যার দিকে আজিবার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। অন্য দিন রাত আটটা থেকে সাড়ে আটটার মধ্যে তিনি বাড়ি ফিরতেন। কিন্তু গতকাল সময়মতো না ফেরায় তাঁর স্ত্রী ফোন করেন। ফোনে কিছুক্ষণের মধ্যে বাড়ি ফিরছেন বলে জানান আজিবার।
রাত বাড়লেও তিনি না ফেরায় এবং মুঠোফোন বন্ধ থাকায় পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় পড়েন।সম্ভাব্য বিভিন্ন জায়গায় খুঁজতে গিয়ে স্বজনেরা লক্ষ্মীপাশা গ্রামের মোল্যার মাঠের একপাশে ভ্যানটি পড়ে থাকতে দেখেন।
সূত্র: প্রথম আলো