মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাসপোর্ট দেওয়ার আইনগত কোনো সুযোগ নেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো.আমিনুল ইসলাম এ কথা বলেছেন। আজ মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর এ কথা বলেন। দেশে ফিরতে চাইলে শেখ হাসিনাকে কী করতে হবে সেই পরামর্শ দিয়েছে চিফ প্রসিকিউটরের কার্যালয়।
চিফ প্রসিকিউটর বলেন, ‘যদি সত্যিকারের অর্থে আসতে চান , তাঁরা (চিফ প্রসিকিউটর কার্যালয়) পরিষ্কার উপদেশ দিতে চান, শেখ হাসিনা ভারত সরকারের কাছে লিখিত আবেদন করুক।
ভারত সরকারের কাছে লিখিতভাবে বলুক যে এক্সট্রাডিশন চুক্তির আওতায় তাঁকে যেন বাংলাদেশে ফেরত দেওয়া হয়।এটিই হবে শেখ হাসিনার জন্য সঠিক পন্থা।’জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে ভারতে অবস্থান করা শেখ হাসিনার পক্ষে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
সূত্র: প্রথম আলো