রাঙামাটিতে জেলা জজ আদালত ও প্রধান বন সংরক্ষকের কার্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে অন্তত তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে। গতকাল সোমবার রাতে এসব ঘটনা ঘটে। তালা লাগিয়ে দেওয়ার ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে দাবি করা হয়েছে, নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা এসব তালা ঝুলিয়ে দিয়েছেন।
সংগঠনটির অনেক নেতা-কর্মীকে সেই ভিডিও শেয়ার করতে দেখা গেছে।তালা ঝুলিয়ে দেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বনরূপা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বনরূপা মুজাদ্দেদ-ই আলফেসানী একাডেমি ও রাণী দয়াময়ী উচ্চবিদ্যালয়।আজ মঙ্গলবার সকালে সরেজমিন গিয়ে রাঙামাটি জেলা জজ আদালতের ফটকে দুটি তালা ঝোলানো অবস্থায় দেখা যায়।
জানতে চাইলে কোর্ট পুলিশের পরিদর্শক মো. মেজবাহ উদ্দীন ভূঁইয়া বলেন, আদালতের কার্যক্রম শেষে প্রতিদিন নিরাপত্তার স্বার্থে ফটকে একটি তালা লাগানো হয়।
সূত্র: প্রথম আলো