বিগত আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) সরকারের সময় হওয়া ধর্ষণ মামলা বাদে হত্যাসহ যেকোনো মামলা রাজনৈতিক প্রকৃতির হলে তা প্রত্যাহার করা হবে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। যাঁদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা আছে, তাঁদের নির্ধারিত ছকে মামলা প্রত্যাহারের আবেদন করারও আহ্বান জানান তিনি। আজ মঙ্গলবার জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, যখন মামলা হয় তখন কোনো মামলায় গায়ে ‘রাজনৈতিক মামলা’ লেখা থাকে না। এ কারণে প্রত্যেক ভুক্তভোগী রাজনৈতিক নেতা–কর্মী যাঁদের নামে মামলা আছে, তাঁদের মামলা প্রত্যাহারের জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে বলা হয়েছে।
সেটা করা হলে যথাযথ প্রক্রিয়ায় মামলা প্রত্যাহার করা হবে।ফারুকের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, ‘মাননীয় এমপি সাহেবেরও যদি মামলা থাকে, আমি উনাকে অনুরোধ করব অতি দ্রুত আপনি দরখাস্ত করতে পারেন, আমরা সে মামলা প্রত্যাহার করে নেব।’আইনমন্ত্রী বলেন, ‘যাদের বিরুদ্ধে এখন মামলা আছে—শুধুমাত্র রেপ কেস (ধর্ষণ মামলা) বাদে, অন্য যেকোনো ধরনের মামলা, হত্যা মামলা হলেও সেটা যদি রাজনৈতিক ন্যাচারের (প্রকৃতির) হয় এবং আমাদের স্ক্রিনিংয়ের মধ্য দিয়ে আসে, আমরা সেটা প্রত্যাহার করে দেব।
সূত্র: প্রথম আলো