বন্ধু ও বড় ভাইদের সঙ্গে বিসিএসের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যাওয়ার কথা ছিল মোহাম্মদ তানভীর রহমানের (২৯)। এ উদ্দেশে কেরানীগঞ্জের আটিবাজার থেকে রওনা হন তিনি। কিন্তু মোহাম্মদপুরে পৌঁছাতেই ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা তাঁর মুঠোফোন ও ওয়ালেট কেড়ে নেওয়ার চেষ্টা করলে বাধা দেন তানভীর। এরপর তাঁকে চাপাতি দিয়ে বেশ কয়েকটি কোপ দিয়ে মুঠোফোন ও টাকা ছিনিয়ে পালিয়ে যায় তারা।
আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের বাসস্ট্যান্ড এলাকায় আল্লাহ করিম মসজিদের পাশের পদচারী–সেতুর নিচে এ ঘটনা ঘটে। আহত তানভীরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন। তবে চাপাতির আঘাত খুব বেশি গুরুতর নয়।তানভীর ৪৩তম বিসিএসে নন-ক্যাডার পদে উত্তীর্ণ হয়েছেন। চাকরিতে যোগদানের অপেক্ষায় থাকার পাশাপাশি বিসিএসের প্রস্তুতিও চালিয়ে যাচ্ছিলেন তিনি।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে তিনি পড়াশোনা শেষ করেছেন।
সূত্র: প্রথম আলো