মানবেন্দ্র নারায়ণ লারমা শুধু স্থানীয় বা আঞ্চলিক নেতা ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের একজন জাতীয় নেতা। পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের অধিকার ও অস্তিত্ব রক্ষায় তিনি জীবন বাজি রেখে সংগ্রাম করেছেন। তাঁর জীবন ও সংগ্রাম আমাদের শিক্ষা দেয়, অধিকার কখনো সহজে পাওয়া যায় না।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমার (এম এন লারমা) ৪৩তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে কথাগুলো এক আলোচনা সভায় বলেন বক্তারা। আজ মঙ্গলবার বিকেল চারটায় ‘এম এন লারমার মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির’ উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন সংগঠনের নেতা–কর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, আদিবাসী যুব ফোরাম, বাংলাদেশ আদিবাসী ফোরাম, হিল উইমেন্স ফেডারেশন, বাংলাদেশ মহিলা পরিষদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ যুব ইউনিয়নের নেতা–কর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।অনুষ্ঠানে প্রথমে শোক প্রস্তাব পাঠ করা হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।
সূত্র: প্রথম আলো