আওয়ামী লীগ যত বেশি সন্ত্রাস করবে, জনগণের কাছ থেকে তত বেশি বিচ্ছিন্ন হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেছেন, ‘আমরা জনগণের বিদ্যুৎ, গ্যাসসহ বিভিন্ন নাগরিক দাবি নিয়ে আন্দোলন করছি। কিন্তু এ ধরনের সন্ত্রাস অব্যাহত থাকলে আমাদের আন্দোলনের প্রধান দাবি হয়ে উঠবে আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ।
আওয়ামী লীগ যত বেশি সন্ত্রাস করবে, জনগণের কাছ থেকে তত বেশি বিচ্ছিন্ন হবে।’ আজ মঙ্গলবার রাজধানীর বিজয়নগরে এবি পার্টির উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে মজিবুর রহমান এসব কথা বলেন। বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে এ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।সমাবেশে মজিবুর রহমান বলেন, জনগণকে ভয় দেখানোর রাজনীতি পরাজিত হওয়ার পরও আওয়ামী লীগের শিক্ষা হয়নি।
এ ধরনের সহিংসতা করে রাজনৈতিকভাবে কোনো অর্জন সম্ভব নয়; বরং নিরীহ ও অরাজনৈতিক নেতা-কর্মীরাও মামলার ঝুঁকিতে পড়বেন।আওয়ামী লীগের বোমাবাজির জবাব পাল্টা বোমাবাজি বা সন্ত্রাস দিয়ে দেওয়া হবে না উল্লেখ করে এবি পার্টির চেয়ারম্যান বলেন, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উপায়ে ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে মোকাবিলা করা হবে।
সূত্র: প্রথম আলো