ইন্টারপোলের রেড নোটিশে থাকা পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের আদালত থেকে জামিনে মুক্ত হয়ে দেশটিতেই অবস্থান করছেন। তাঁর ওপর ভ্রমণনিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত। চলমান প্রত্যর্পণ কার্যক্রম চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি ওই দেশ ত্যাগ করতে পারবেন না। জাতীয় সংসদে আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
কার্যপ্রণালি বিধির ১৪৭-এর অধীন গৃহীত একটি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে বাংলাদেশকে জানানো হয়েছে, বেনজীর আহমেদ জামিনে মুক্ত হয়েছেন। তবে তাঁর ওপর ভ্রমণনিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বাংলাদেশের সঙ্গে প্রত্যর্পণ কার্যক্রম চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি দেশটি ত্যাগ করতে পারবেন না।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের গত অধিবেশনে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার বিষয়ে একটি প্রস্তাব গ্রহণ করা হয়।
সূত্র: প্রথম আলো