কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি নলকূপ থেকে নির্গত গ্যাসের আগুন ১৫ দিনেও নেভেনি। গ্যাসের নির্গমন বন্ধ না হওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় ঘটনাস্থলের ২০০ বর্গমিটার এলাকায় ১৪৪ ধারা জারি রেখেছে উপজেলা প্রশাসন। এতে কয়েকটি গ্রামের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। আতঙ্ক ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন এলাকার বাসিন্দারা।
গত ২৭ অক্টোবর সকাল সাতটার দিকে ইনানী মেরিন ড্রাইভের ছোট ব্রিজসংলগ্ন এলাকায় মোস্তফা সিকদারের বাড়ির আঙিনায় নলকূপ খননের সময় আগুনের সূত্রপাত হয়। দীর্ঘদিন ধরে আগুন জ্বলতে থাকায় ভূগর্ভে প্রাকৃতিক গ্যাসের মজুত বা নতুন গ্যাসক্ষেত্র থাকার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে।আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ৯ সদস্যের একটি কারিগরি দল।
কয়েক ঘণ্টা পর্যবেক্ষণের পর দলটি আগুন নেভানোর চেষ্টা শুরু করে।দলটির প্রধান অহিদুল ইসলাম হাওলাদার প্রথম আলোকে বলেন, ১৫ দিন পর্যবেক্ষণের পর তাঁরা আগুন বন্ধ করার উদ্যোগ নিয়েছেন।
সূত্র: প্রথম আলো