রাজধানীর কাফরুলে একটি পেট্রলপাম্পে জ্বালানি তেল পরিমাপে কারচুপির প্রমাণ পেয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।পাম্পটিতে প্রতি ১০ লিটার অকটেন ও ডিজেল সরবরাহের ক্ষেত্রে ২২০ থেকে সর্বোচ্চ ৫৩০ মিলিলিটার পর্যন্ত কম দেওয়া হচ্ছিল। এ অপরাধে পাম্পটিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
পাশাপাশি অনিয়মের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দেওয়া হয়েছে।মঙ্গলবার বিএসটিআইয়ের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ অনিয়ম ধরা পড়ে। পশ্চিম কাফরুলের বেগম রোকেয়া সরণির ২২০/এ-২ নম্বর ঠিকানায় অবস্থিত মেসার্স সোবহান ফিলিং অ্যান্ড সার্ভিসিং স্টেশনে এ অভিযান চালানো হয়। বিএসটিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, পাম্পটির দুটি অকটেন ডিসপেন্সিং ইউনিটের তিনটি নজল পরীক্ষা করা হয়।
এতে প্রতি ১০ লিটার অকটেন সরবরাহের বিপরীতে যথাক্রমে ৪৫০, ৪৪০ ও ২২০ মিলিলিটার কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়।এ ছাড়া একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটের দুটি নজল পরীক্ষা করে প্রতি ১০ লিটারে যথাক্রমে ২৫০ ও ৫৩০ মিলিলিটার কম দেওয়ার প্রমাণ মেলে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জ্বালানি তেল পরিমাপে এ ধরনের কারচুপির দায়ে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।
সূত্র: প্রথম আলো