ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে প্রশাসন।মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ক্যাম্পাসে নাশকতা, বিশৃঙ্খলা ও স্বাভাবিক শিক্ষা-প্রশাসনিক কার্যক্রম ব্যাহত করার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় বা পদমর্যাদা বিবেচনা না করে বিশ্ববিদ্যালয়ের বিধিবিধান ও দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।মঙ্গলবার ক্যাম্পাসের সামগ্রিক নিরাপত্তা নিয়ে প্রক্টরিয়াল টিম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি সমন্বয় সভা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্র: প্রথম আলো