২০১৪ সাল। ঢাকায় তখনো থ্রি-জি ইন্টারনেট ঠিকমতো চলে না, ফোর-জি দূরের কথা। এমন সময় কয়েকজন মানুষ মিলে ঠিক করলেন, দেশের ই-কমার্স খাতের জন্য একটা সংগঠন দরকার। কিন্তু সংগঠন করতে কমপক্ষে সাতটি প্রতিষ্ঠান লাগে আর সভাপতি হতে রাজি কেউ নেই। শেষ পর্যন্ত দায়িত্বটা নিলেন এমন একজন, যিনি নিজে কোনো দিন ই-কমার্স ব্যবসা করেননি। তাঁর পরিকল্পনা ছিল সহসভাপতি হয়ে বক্তৃতা দেবেন, গবেষণা করবেন।
২০১৪ সালের ৮ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। সেই মানুষ রাজিব আহমেদ। ই-ক্যাবের প্রতিষ্ঠাতা ও প্রথম সভাপতি। জনপ্রিয় অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম ‘সার্চ ইংলিশ’-এরও প্রতিষ্ঠাতা তিনি। ই-ক্যাবের এক যুগ পূর্তির মাসে প্রথম আলোর কার্যালয়ে বসে তিনি কথা বলেছেন তরুণ উদ্যোক্তা, এ খাতের বর্তমান সংকট ও ঢাকার বাইরের সম্ভাবনা নিয়ে।
সাক্ষাৎকারটি নিয়েছেন রাহিতুল ইসলাম।
সূত্র: প্রথম আলো